মোহাম্মদ জাকির শাহ
(লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাইফুল ইসলাম সবুজ (২৮) নামে এক চিহ্নিত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সবুজ ও তার বাহিনী এলাকায় বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কমলনগর থানার এসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ফজুমিয়ার হাট বাজারের পূর্ব পাশে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে সবুজকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম সবুজ উপজেলার চর কাদিরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলী আহম্মদ সওদাগর বাড়ির শাহনেওয়াজ মিন্টু ওরফে কালা মিয়ার ছেলে। পুলিশ জানায়, সবুজ এলাকায় একজন দুর্ধর্ষ ও চিহ্নিত ডাকাত হিসেবে পরিচিত।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই ফারুক জানান, “সবুজ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে পাওয়া যাচ্ছিল না। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।”
কমলনগর থানায় গত ৩১/০১/২০২৬ তারিখে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় দায়েরকৃত একটি মামলায় (মামলা নং- ১৫) সবুজকে গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
Reporter Name 



















