ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে শেরপুরে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) শেরপুরের রাজবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেরপুর পৌরসভার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা।
এ সময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কোথাও তিন দিনের বেশি সময় ধরে পানি জমে থাকতে দেওয়া যাবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি এ বিষয়ে সর্বস্তরের জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবাই সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
মাহফুজুর রহমান সাইমন শেরপুর জেলা প্রতিনিধি 



















