নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার মোহাম্মদপুর—যেখানে অনেক পরিবারের কাছে ঈদ মানেই ছিল না কোনো নতুন স্বপ্ন, না কোনো আনন্দের ছোঁয়া; বরং ছিল অভাব, দুশ্চিন্তা আর নীরব দীর্ঘশ্বাসের আরেকটি দিন। সেই নীরব কষ্টের ভেতরেই এবার যেন আশার আলো হয়ে পাশে দাঁড়ালো হাজী নূর মিয়া ফাউন্ডেশন।
রবিবার (১৬ মার্চ ২০২৬) বিকাল ৩টায় জাহাজমারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রায় ৫১টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ছোট পরিসরের এই আয়োজন, কিন্তু এর প্রতিটি মুহূর্তে ছিল গভীর মানবিকতা, সহানুভূতি আর ভালোবাসার এক অপূর্ব প্রকাশ।
উপহার হিসেবে দেওয়া হয় ঈদের প্রয়োজনীয় ৯ ধরনের খাদ্যসামগ্রী—চিনি, সাগু, কিসমিস, লুডলুস, সুজি, সেমাই, দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রতিটি প্যাকেট যেন শুধু খাদ্য নয়, বরং ছিল একেকটি পরিবারের জন্য নতুন করে ঈদকে অনুভব করার একটুখানি সুযোগ।
উপহার হাতে পেয়ে অনেকেই আবেগে ভেঙে পড়েন। চোখের কোণে জমে থাকা অশ্রু যেন বলে দিচ্ছিল তাদের না বলা গল্পগুলো।
এক বৃদ্ধ কাঁপা কণ্ঠে বলেন,
“আমাদের ঘরে ঈদ বলতে কিছুই থাকে না… শুধু দিনটা চলে যায়। কিন্তু আজ মনে হচ্ছে, আমরাও ঈদের আনন্দ পাবো… এইটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া…”
সুফিয়া বেগম চোখ মুছতে মুছতে বলেন,
“স্বামী অসুস্থ, ঘরে কোনো আয় নেই… বাচ্চাদের ঈদ কীভাবে করাবো বুঝতে পারছিলাম না। আজ এই উপহার পেয়ে মনে হচ্ছে, ওদের মুখে অন্তত একটুখানি হাসি দেখতে পারবো…”
কামাল উদ্দিন আবেগঘন কণ্ঠে বলেন,
“আমাদের কথা কেউ মনে রাখে না… কিন্তু আজ বুঝলাম, এখনও পৃথিবীতে মানবতা বেঁচে আছে…”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার পদপ্রার্থী আরিফ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,
“এ ধরনের উদ্যোগ শুধু সহায়তা নয়, এটি সমাজে ভালোবাসা ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়। সবাই যদি নিজের জায়গা থেকে সামান্য এগিয়ে আসে, তাহলে অসংখ্য মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।”
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়,
“আমাদের একটাই লক্ষ্য—ঈদের দিনে যেন কোনো মানুষ অভুক্ত না থাকে। আমরা চাই, প্রতিটি ঘরে ঈদের আনন্দ পৌঁছে যাক। ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা থাকবে।”
হাজী নূর মিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগ আবারও মনে করিয়ে দেয়—সামান্য সহানুভূতিও হতে পারে কারো জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। হয়তো এই উপহার খুব বড় কিছু নয়, কিন্তু যাদের ঘরে কিছুই ছিল না, তাদের কাছে এটি এক টুকরো সুখ, একফোঁটা আনন্দের অশ্রু।
কারণ—
ঈদের সৌন্দর্য নতুন পোশাকে নয়,
ঈদের প্রকৃত আনন্দ লুকিয়ে আছে মানুষের মুখে হাসি ফোটানোর
সাইফুল ইসলাম তুহিন, স্টাফ রিপোর্টার 



















