আজিজুর ইসলাম, তানোর(রাজশাহী)প্রতিনিধি:
সড়কপথে দুর্ঘটনার হার কমানোর জন্য সরকারি-বেসরকারি নানা উদ্যোগ থাকলেও, এক শ্রেণির অসাধু চালকের খামখেয়ালি পনায় ঝরছে অসংখ্য প্রাণ। অনুসন্ধানে দেখা গেছে, দূরপাল্লার বাস বা পণ্যবাহী ট্রাকের মূল চালক দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ক্লান্তিতে বিশ্রামে গেলে বা ঘুমের ঘোরে গাড়ির নিয়ন্ত্রণ তুলে দিচ্ছেন অল্পবয়সী ও অদক্ষ হেল্পারদের হাতে।
যথাযথ ড্রাইভিং লাইসেন্স এবং কারিগরি জ্ঞান না থাকায় এসব হেল্পাররা গতির নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারে না। যার ফলে ছোটখাটো ওভারটেকিং বা বাঁক নিতে গিয়েই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। আইন অনুযায়ী চালকের আসনে বসার কথা থাকলেও, অনেক ক্ষেত্রে চালক পাশের সিটে বসে ঘুমান অথবা হেল্পারকে দিয়ে গাড়ি চালিয়ে নিজের ক্লান্তি দূর করেন।
বিশেষজ্ঞদের মতে, হাইওয়ে পুলিশ এবং মালিকপক্ষের কঠোর নজরদারি ছাড়া এই প্রবণতা বন্ধ করা অসম্ভব। লাইসেন্সবিহীন কারো হাতে স্টিয়ারিং তুলে দেওয়াকে ‘ইচ্ছাকৃত নরহত্যা’র শামিল বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
Reporter Name 



















