মাহফুজুর রহমান সাইমন :
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নে যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুসকে ঘিরে মাদক কারবারের অভিযোগ এবং তা নিয়ে আয়োজিত মানববন্ধনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে আলোচনা ও বিতর্ক।শনিবার সন্ধ্যায় ইউনিয়নের চতলাপাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় ২০ জন অংশগ্রহণ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রফিক মিয়া, লাভলু ও সুন্দর আলীর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের দাবি, এর ফলে স্থানীয় যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড অব্যাহত রাখা হচ্ছে।
তবে অভিযোগের বিপরীতে এলাকাবাসীর একটি বড় অংশ ভিন্ন মত পোষণ করেছেন। জোনাব আলীর ছেলে সুলতান ও মহর শেখের ছেলে সোহরাবসহ অনেকেই দাবি করেন, এটি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার একটি প্রচেষ্টা। তাদের ভাষ্য, অভিযোগের গুরুত্ব অনুযায়ী জনসম্পৃক্ততা প্রত্যাশিত ছিল, কিন্তু মাত্র ২০ জনের উপস্থিতি পুরো বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে।
স্থানীয়দের আরও অভিযোগ, কিছু অংশগ্রহণকারীকে প্রভাবিত করে মানববন্ধনে আনা হয়েছে, যা কর্মসূচিটির স্বতঃস্ফূর্ততা নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে।
প্রায় আধাঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দলীয়ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে আব্দুল কুদ্দুস বলেন, “আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল রাতের আঁধারে ১০-১২ জন লোক জড়ো করে এই মানববন্ধনের আয়োজন করেছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।
Reporter Name 



















