মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নোয়াখালীর চাটখিল উপজেলায় ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার (১২ এপ্রিল) দুপুরে দুটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও একটি অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করে।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল আহমেদ নয়ন, হেলথ ইন্সপেক্টর নুরুল আমিন, এসআই শাহ আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল আহমেদ নয়ন বলেন, অভিযানে চাটখিল সেন্ট্রাল হাসপাতালে কোনো ডিপ্লোমাধারী নার্স পাওয়া যায়নি। এছাড়া হাসপাতালটির অপারেশন থিয়েটার ছিল অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন, যা রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। একইসঙ্গে হাসপাতালটির প্রয়োজনীয় লাইসেন্স ও প্যাথোলজি লাইসেন্স হালনাগাদ না থাকায় ভ্রাম্যমাণ আদালত ওটি কক্ষটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে সিলগালা করে এবং প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে।
অপরদিকে, চাটখিল এভার কেয়ার হাসপাতালে অভিযান চালিয়ে ফার্মেসিতে ড্রাগ লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কমিশনার (ভূমি) এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন হাসপাতালে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে ১৪টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Reporter Name 



















