মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি।
লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে ব্লক সড়ক নির্মাণের ফলে সাধারণ মানুষের যাতায়াতে এসেছে দৃশ্যমান স্বস্তি। আগে কাঁচা কিংবা নষ্ট পিচঢালা সড়কের কারণে যেখানে প্রতিনিয়ত ভোগান্তি ছিল, সেখানে এখন আধুনিক ও মসৃণ ব্লক সড়ক গ্রামীণ জনজীবনে এনে দিয়েছে নতুন গতি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রায় ২০ কিলোমিটার ব্লক সড়ক নির্মাণ করা হয়েছে। এসব সড়ক টেকসই হওয়ায় দীর্ঘদিন ব্যবহার উপযোগী এবং বর্ষা মৌসুমেও চলাচলে কোনো বড় ধরনের সমস্যা হয় না।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে বৃষ্টির সময় রাস্তায় কাদা জমে চলাচল প্রায় বন্ধ হয়ে যেত। এখন ব্লক সড়কের কারণে বছরের যেকোনো সময় সহজেই যাতায়াত করা যাচ্ছে। এতে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন।
বশিকপুর ইউনিয়নের বাসিন্দা মাওলানা মোরশেদ আলম বলেন, “আগে রাস্তায় চলাচল ছিল খুব কষ্টকর। এখন ব্লকের রাস্তা হওয়ায় অনেক স্বস্তিতে চলাচল করা যায়, সময়ও কম লাগে।”
পার্বতীনগর এলাকার ভ্যানচালক কিরন বলেন, “এই রাস্তায় গাড়ি চালাতে ঝামেলা কম। আগে যেখানে যেতে কষ্ট হতো, এখন সহজেই যাওয়া যায়। এতে আয়ও কিছুটা বেড়েছে।”
স্থানীয় ব্যবসায়ীরাও জানান, উন্নত সড়ক যোগাযোগের কারণে পণ্য পরিবহন সহজ হয়েছে, সময় ও খরচ কমেছে। ফলে স্থানীয় বাজার ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম বলেন, “গ্রামীণ জনগণের সুবিধার কথা মাথায় রেখে আমরা ব্লক সড়ক নির্মাণে গুরুত্ব দিচ্ছি। এটি টেকসই, পরিবেশবান্ধব এবং রক্ষণাবেক্ষণ সহজ হওয়ায় ভবিষ্যতে আরও এলাকায় এ প্রকল্প সম্প্রসারণ করা হবে।”
সব মিলিয়ে ব্লক সড়কের কারণে লক্ষ্মীপুরের গ্রামীণ জনপদে মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হয়েছে। এই উন্নয়ন কার্যক্রম গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্লক সড়কের ছোঁয়ায় বদলে যাচ্ছে গ্রাম, লক্ষ্মীপুরে সহজ হয়েছে মানুষের যাতায়াত
-
Reporter Name - আপডেট টাইম : ০৭:৩৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- ২৯ বার
জনপ্রিয় সংবাদ




















