মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সামান্য জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে সাবেক ইউপি চেয়ারম্যান ও সমাজসেবী মোঃ নাছির উদ্দিন বেপারী গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। মানবিক কাজ ও সামাজিক মীমাংসায় পরিচিত এই ব্যক্তিত্বের ওপর নিজ আত্মীয়দের এমন হামলার ঘটনায় এলাকায় শোক, ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ মেটাতে বসা একটি সমঝোতা বৈঠক হঠাৎ করেই সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আমিন উল্লাহ বেপারির প্রায় সাড়ে ৫ শতাংশ জমি নিয়ে কয়েক বছর ধরে নাছির বেপারী ও তার নিকট আত্মীয়দের মধ্যে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য তিনি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আবেদন করেন। এরই ধারাবাহিকতায় উভয় পক্ষ আলোচনায় বসেন।
অভিযোগ রয়েছে, বৈঠকের একপর্যায়ে চেয়ারম্যানের আপন ভাগিনা ও স্বজনরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। প্লাস্টিকের চেয়ার, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতে তাকে গুরুতর জখম করা হয়। মাথা, মুখ ও পায়ে গুরুতর আঘাত পেলে চিকিৎসকরা প্রায় ২০টি সেলাই দেন।
এসময় তাকে রক্ষা করতে গিয়ে ছেলে মোশারফ হোসেনও মারধরের শিকার হন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় নাছির বেপারী ও তার ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, দোকান থেকে প্রায় তিন লাখ টাকা লুট করা হয়েছে।
এলাকাবাসী জানান, নাছির বেপারী দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এলাকার উন্নয়ন, দরিদ্রদের সহায়তা এবং সামাজিক বিরোধ মীমাংসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমন একজন ব্যক্তির ওপর নিজ আত্মীয়দের হামলায় সাধারণ মানুষও হতবাক ও মর্মাহত।
একজন প্রবীণ বাসিন্দা বলেন, “চেয়ারম্যান সাহেব মানুষের জন্য কাজ করেছেন সারাজীবন। আজ তাকেই যদি এমন নির্মমতার শিকার হতে হয়, তবে সমাজ কোথায় যাচ্ছে?”
বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নাছির বেপারীর শারীরিক অবস্থা নিয়ে পরিবারে উদ্বেগ বিরাজ করছে। স্বজনদের কান্নায় হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রায়পুরে জমি বিরোধে সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর নৃশংস হামলা, সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেলে
-
Reporter Name - আপডেট টাইম : ০৬:৩৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- ৮৭ বার
জনপ্রিয় সংবাদ




















