ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২০২৫–২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ মে ২০২৬) সকালে নবীনগর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, গোলাম হোসেন খান টিটো, নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক হাসিফুল হাদিস শাহিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুলাল, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোছলেম মিয়া, পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবদুল মান্নান বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। সরকারের উদ্যোগে কৃষকদের মাঝে উন্নত কৃষিযন্ত্র বিতরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, সময় ও শ্রম সাশ্রয় এবং কৃষকের জীবনমান উন্নয়ন সম্ভব হবে।
তিনি আরও বলেন, কৃষিবান্ধব নীতির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি কৃষকদের প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং তাদের প্রশিক্ষণের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রকল্পের আওতায় উপজেলার নির্বাচিত কৃষকদের মাঝে বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এ সময় কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 



















