লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জকে পৃথক করে নতুন উপজেলা গঠনের প্রস্তাব জাতীয় পর্যায়ে আলোচনায় এসেছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার-এর ১২০তম সভায় এই প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাবের সারসংক্ষেপ সভায় উপস্থাপন করা হয়।
প্রস্তাবটি অনুমোদন পেলে লক্ষ্মীপুর সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা হিসেবে পরিচিত চন্দ্রগঞ্জ প্রশাসনিকভাবে পৃথক উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করবে। এতে স্থানীয় জনগণের সেবাপ্রাপ্তি সহজ হবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে একই সভায় দেশের বিভিন্ন জেলায় আরও কয়েকটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও আলোচনা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 



















