নওগাঁর পোরশা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পোরশা উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রামলাল কেরকেটা। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার ছাওড় ইউনিয়নের বরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কে একটি স্ট্রারিংয়ের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই রামলাল কেরকেটার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
রামলাল কেরকেটা দীর্ঘদিন ধরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়ে কাজ করেছেন। তিনি পোরশা উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার মানুষের কাছে একজন পরিচিত ও জনপ্রিয় মুখ ছিলেন।
তার মৃত্যুতে আদিবাসী সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
সুকুমার ঋষি নওগাঁ জেলা প্রতিনিধি 



















