ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সহজে ভূমিসেবা প্রদান নিশ্চিত করতে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে ‘ভূমিসেবা মেলা-২০২৬’।
আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার শুভ উদ্বোধন করবেন বলে জানা গেছে।
মেলায় বিভাগীয় সদর, জেলা সদর, সকল উপজেলা ভূমি অফিস এবং ঢাকার ভূমি ভবনে নাগরিকদের বিভিন্ন ভূমিসেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হবে। এছাড়া ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি তথ্য ও পরামর্শ দেওয়া হবে।
মেলায় যেসব সেবা প্রদান করা হবে তার মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত সহযোগিতা, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং ভূমিসেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক উত্তর প্রদান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশের সকল নাগরিককে মেলায় অংশগ্রহণ করে প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।
এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।
রাকিবুল ইসলাম সুমন জেলা প্রতিনিধি বাগেরহাট 



















