লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কৃষি জমির উর্বর মাটি (টপ সয়েল) কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৪ মে ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আফজাল কারিগোজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে স্থানীয় জনৈক মোঃ ইব্রাহিমের কৃষি জমির উর্বর মাটি কাটার অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। চর রমিজ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বাদী হয়ে রামগতি থানা-এ নিয়মিত মামলা দায়ের করেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন জব্দ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আবু সালমান, রামগতি লক্ষীপুর 



















