রাজশাহীর চারঘাটে পদ্মার শাখা বড়াল নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যূ হয়েছে। তারা হলেন, উপজেলার থানাপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ ইসলাম (১৭) ও একই গ্রামের ইসরাফিল হকের ছেলে রিহান ইসলাম (১৭)। মাহিদ পদ্মা উচ্চ বিদ্যালয়ের দশমশ্রেণীর ছাত্র এবং রিহান পুলিশ একাডেমী স্কুলের দশম শ্রেণীর ছাত্র। সোমবার বিকেল সাড়ে ৪টায় বড়াল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, ফুটবল খেলা শেষ করে সোমবার দুপুর ১টার দিকে মাহিদ ও রিহানসহ ১০/১২ জন বাড়ীর পাশে বড়াল নদীতে গোসল করতে যায়। এমন সময় সকলের মাঝ থেকে ওই দুই ছাত্র বড়ালের পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষন খোজাখুজি করেও তাদের না পাওয়ায় সংবাদ দেয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় বিকেল সাড়ে ৪ টায় দুই ছাত্রকে উদ্ধার করেন। পরে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকেই মৃত্য ঘোষনা করেন।
এ দিকে একই গ্রামের ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যূর খবর ছড়িয়ে পড়লে মাহিদ ও রিহানের পরিবারে মাঝে শোকের ছায়া নেমে আসে। তাদের পরিবার কোন ভাবেই তাদের এই মৃত্যূ মেনে নিতে পারছেন না। বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন নিহত মাহিদের মা ও রিহানের মা। দুই পরিবারের আহাজারীতে চারঘাটের আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যূ মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোহেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি 



















