সীতাকুণ্ডের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ অধ্যক্ষ শিমুল বড়ুয়া বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি সংগঠনটির দ্বাদশ দ্বি-বার্ষিক সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন সীতাকুণ্ডের শিক্ষানুরাগী ব্যক্তিত্ব অধ্যক্ষ শিমুল বড়ুয়া।
সীতাকুণ্ড উপজেলার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় শিমুল বড়ুয়া একজন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত লেখক-গবেষক এবং বিশিষ্ট সাহিত্যিক। পাশাপাশি সমাজ ও সংস্কৃতি সংগঠক হিসেবে তাঁর অবদান ব্যাপকভাবে স্বীকৃত।
তিনি সীতাকুণ্ড লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দক্ষ নেতৃত্ব, সৃজনশীল পরিকল্পনা এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি পরপর দুইবার উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ চর্চায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় শিক্ষক সমাজের অধিকার প্রতিষ্ঠা, আধুনিক ও মানবিক শিক্ষা বিস্তার এবং মূল্যবোধনির্ভর সমাজ গঠনে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এ অর্জনে সীতাকুণ্ডসহ চট্টগ্রাম অঞ্চলের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সাড়া পড়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
চট্টগ্রাম 



















