নওগাঁর পোরশা উপজেলায় জাতীয় আদিবাসী পরিষদের পোরশা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত রামলাল কেরকেটার স্মরণে এক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার সরাইগাছী গ্রামে জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধীরেন লাকড়া এবং সঞ্চালনা করেন আইচন পাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মহেন্দ্র পাহান, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রোম, চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক টুনু পাহান, নওগাঁ জেলা কমিটির সভাপতি মারটিন মুর্মু ও সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা।
এছাড়াও উপস্থিত ছিলেন আদিবাসী যুব পরিষদের সভাপতি নকুল পাহান, রামলাল কেরকেটার জননী ঝারোমনি, পোরশা শাখার সাংগঠনিক সম্পাদক নিতাই পাহান, যুব উন্নয়ন কর্মী দুলাল মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নিরেন পাহান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুনতি কুজুর, নিতপুর ইউনিয়নের সভাপতি বাবুলাল ও সাধারণ সম্পাদক রাজেন্দ্র নাথ শিং, ছাওড় ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কর্নেল হাসদা, সভাপতি রতিকান্ত পাহান, সাধারণ সম্পাদক রুপনারায়ন, মর্শিদপুর ইউনিয়নের যীশু সরেন, খোকা তিগ্যা, প্রেমলাল কেরকেটা, লালমন কিস্পটা, সবুরচানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা প্রয়াত রামলাল কেরকেটার সংগঠন ও আদিবাসী সমাজের উন্নয়নে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, রামলাল কেরকেটা ছিলেন আদিবাসী অধিকার আন্দোলনের একজন সাহসী, সৎ ও নিবেদিতপ্রাণ সংগঠক। দীর্ঘদিন ধরে তিনি পোরশা উপজেলার আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে আদিবাসী সমাজে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
স্মরণ সভায় জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন। সভা শেষে প্রয়াত রামলাল কেরকেটার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
সুকুমার ঋষি নওগাঁ জেলা প্রতিনিধি 



















