কমলনগরে সাংবাদিক সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকজন সাংবাদিক ও সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পোস্টে পরিকল্পিতভাবে ‘হাহা’ রিয়েক্ট দেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, একাধিক ফেক আইডি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কাজ করা হচ্ছে।
জানা যায়, সম্প্রতি একটি সাংবাদিক সংগঠনের নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচিত সদস্য ও সমর্থকরা ফেসবুকে বিভিন্ন পোস্ট প্রকাশ করেন। এরপর থেকেই কিছু অপরিচিত ও সন্দেহজনক আইডি থেকে পোস্টগুলোতে ধারাবাহিকভাবে ‘হাহা’ রিয়েক্ট দেওয়া হচ্ছে। বিশেষ করে প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারি সহ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তির আইডিকে টার্গেট করে এ ধরনের কর্মকাণ্ড বেশি দেখা যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, এসব আইডির অধিকাংশই ভুয়া (ফেক) এবং প্রকৃত পরিচয় গোপন রেখে একটি চক্র পরিকল্পিতভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তাদের ধারণা, প্রতিপক্ষকে ছোট করা ও নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
সাংবাদিক মহলের অনেকে বলেন, মতবিরোধ থাকলেও ফেক আইডির আড়ালে থেকে কাউকে অপমান বা বিদ্রূপ করা অনৈতিক ও দুঃখজনক। সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্থ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তারা।
মোহাম্মদ জাকির শাহ, লক্ষীপুর জেলা প্রতিনিধি 



















