যশোরের অভয়নগর থেকে চুরি হওয়া একটি গরু খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লক্ষ্মীকাঠি গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কোনো চোরকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দিঘলিয়া থানার অধীন কামারগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রিপন হালদার ও এএসআই মো. রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স এবং স্থানীয় জনগণের সহায়তায় লক্ষ্মীকাঠি গ্রামের একটি জঙ্গলের ভেতর থেকে গরুটি উদ্ধার করেন।
উদ্ধার হওয়া গরুটির মালিক যশোর জেলার অভয়নগর থানার রামনগর গ্রামের আলতাফ মোল্লার ছেলে বাবুল মোল্লা।
পুলিশ সূত্রে জানা যায়, অভয়নগর থেকে গরুটি চুরি করে নদীপথে বারাকপুর ইউনিয়নের লক্ষ্মীকাঠি এলাকায় আনা হচ্ছিল। এ সময় স্থানীয় জনগণ ও পুলিশ ধাওয়া দিলে চোরচক্র গরুটিকে জঙ্গলের মধ্যে ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে উদ্ধারকৃত গরুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জড়িত চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার 



















