চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মামা ও ভাগ্নি দু’জনই নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, মঙ্গলবার (২ জুন) বিকেলে মতলব ব্রিজের অ্যাপ্রোচ সড়কে কলেজছাত্র ফজলে রাব্বি (২৩) তার কিশোরী ভাগ্নি ইশাত (১৪)-কে মোটরসাইকেল চালানো শেখাচ্ছিলেন। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ফজলে রাব্বির মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় ইশাতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ইশাতও মারা যায়। ফলে এই দুর্ঘটনায় মামা-ভাগ্নি দু’জনেরই প্রাণহানি ঘটে।
নিহত ফজলে রাব্বি মতলব সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের মাতম শুরু হয়। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
স্থানীয়দের দাবি, সড়কে দাঁড়িয়ে থাকা যানবাহনের বিষয়ে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার 



















