দিনাজপুরের বিরামপুর উপজেলার টাটকপুর ঈদগাহের সম্মানিত ইমাম মাওলানা মোঃ ইউসুফ আলীর অবসর উপলক্ষে আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৫১ বছর ধরে টাটকপুর ঈদগাহের ইমাম হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি অবসরে যাচ্ছেন।
শুক্রবার (০৫ জুন) বিকাল ৩টায় টাটকপুর ঈদগাহ মাঠে স্থানীয় মুসল্লীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাটকপুর ঈদগাহ কমিটির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সেক্রেটারি মোঃ নাজির শাহ মানিক, কোষাধ্যক্ষ আজিজুর রহমান রাজীব, সদস্য সাহেদার রহমান বাবলুসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার মুসল্লীরা।
বক্তারা বলেন, মাওলানা মোঃ ইউসুফ আলী দীর্ঘ ৫১ বছর ধরে টাটকপুর ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি তিনি পলিপ্রয়াগপুর দাখিল মাদ্রাসায় জুনিয়র মাওলানা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং খয়েরপাড়া জামে মসজিদের খতিব হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তার জ্ঞান, প্রজ্ঞা, সততা ও মানবিক আচরণ তাকে এলাকার মানুষের কাছে একজন শ্রদ্ধেয় আলেম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অনুষ্ঠানে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং দীর্ঘদিনের ধর্মীয় ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, তিনি শুধু একজন ইমাম নন, বরং একজন শিক্ষক, পথপ্রদর্শক ও সমাজ সংস্কারক হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
বিদায়ের মুহূর্তে উপস্থিত অনেক মুসল্লী আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, মাওলানা মোঃ ইউসুফ আলীর আদর্শ, শিক্ষা ও দিকনির্দেশনা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার দীর্ঘ কর্মজীবনের অবদান টাটকপুরবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মাওলানা মোঃ ইউসুফ আলীর সুস্থ, সুন্দর ও বরকতময় জীবনের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই তার দীর্ঘায়ু ও পরকালীন কল্যাণ কামনা করেন এবং ধর্মীয় সেবায় তার অসামান্য অবদানের জন্য গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি 



















