ডেভিল হান্ট–২ কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালিয়ে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা (৬৫)–কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে দিনাজপুরের বিরামপুর থেকে তাকে আটক করা হয়।
দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন–২ এর আওতায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। তিনি একাধিক মামলার আসামি।
গ্রেফতারকৃত আলতাফুজ্জামান মিতার পিতার নাম মো. সালেহ উদ্দিন আহমেদ এবং মাতার নাম মোছাঃ সামেদ্য আহমেদ। তার স্থায়ী ঠিকানা পূর্ব জগন্নাথপুর, বিরামপুর থানা, দিনাজপুর এবং বর্তমান ঠিকানা ঘাসিপাড়া, কোতয়ালী থানা, দিনাজপুর।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ পাইয়ে দেওয়া এবং নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন।
এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি একাধিক উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন এবং আন্দোলন চলাকালে সংঘটিত হামলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশ সূত্র আরও জানায়, সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সঙ্গে যোগসাজশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তিনি একাধিক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ডিবি।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আলতাফুজ্জামান মিতার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানা ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এলাকায় একাধিক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
মোঃ কামরুজ্জামান, দিনাজপুর জেলা প্রতিধিনি 

























