ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক তিনটি উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। রবিবার তিনি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের উদ্বোধন এবং কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ করেন।
দিনের শুরুতে এমপি মান্নান জিনোদপুর আরএন্ডএইচ থেকে রতনপুর ইউনিয়নের শাহপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ জিসি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি বলেন, অবহেলিত জনপদের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করতে সরকার নিরলসভাবে কাজ করছে। গ্রামীণ সড়ক উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
পরে তিনি লাউর ফতেহপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। দীর্ঘদিনের দাবির পর আধুনিক ভূমি অফিস নির্মাণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। নতুন ভবন চালু হলে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় এমপি আব্দুল মান্নান বলেন, জনগণের ভোগান্তি কমাতে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও ডিজিটাল সেবার আওতায় আনা হচ্ছে। সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়া সেবা পায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
এরপর তিনি চুউরিয়া মুন্সী রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, সোনাগাজী, ফেনীর পার্টনার প্রকল্পের আওতায় ২০২৫-২৬ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
ধান বীজ বিতরণ শেষে এমপি মান্নান বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষি উৎপাদন বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানগুলোতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, মো. আবু হাসনাত আলম রাজীব ভূইয়া, লাউর ফতেহপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

























