লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ ও চেয়ারম্যান প্রার্থীর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে চরমেহার আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলহাজ নাজিম উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. ফজলুল হক, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. শামছুল হুদা, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলী মুর্তজা, নোয়াখালী ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আতিক উল্যাহ, রামগতি পৌর আমীর মাওলানা আবুল খায়ের ও পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা জাফর আহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
চেয়ারম্যান প্রার্থী আলহাজ নাজিম উদ্দিন বলেন,আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি এলাকার জনগণকে সালাম জানাই। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের সেবা করতে চাই। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে কাজ করবো। গরিব-দুঃখীসহ সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে এ আর হাফিজ উল্যাহ বলেন,একটি ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য স্থানীয় সরকার কাঠামোতে সৎ, যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তিদের নির্বাচিত করতে হবে।
আবু সালমান, রামগতি লক্ষীপুর 

























